ডিজিটাল নিরাপত্তা আইনে ৭০০১টি মামলা হয়েছে: সংসদে আইনমন্ত্রী

৫ জুন, ২০২৩ ১৭:০৮  

ডিজিটাল নিরাপত্তা আইনে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে মোট ৭০০১টি মামলা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

সোমবার (০৫ জুন) জাতীয় সংসদে গণফোরামের সদস্য মোকাব্বির খানের এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী এ তথ্য জানান।

ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে পাস হয় এবং ওই বছর ৮ অক্টোবর থেকে আইনটি কার্যকর হয়। এর তিনদিনের মাথায় ১১ অক্টোবর প্রথম এই আইনের অধীনে মামলা দায়ের হয়। মোকাব্বির খান তার প্রশ্নে ডিজিটাল মামলা আইনে মামলা ও গ্রেফতারের সংখ্যা জানতে চান।

এছাড়াও প্রশ্ন উত্তর টেবিলে আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে এ পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে সংক্রান্ত প্রশ্নের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সংশ্লিষ্টতা থাকায় ওই অংশ সচিবালয় নির্দেশমালা ২০১৪ এর অনুচ্ছেদ ২১৩(২) অনুযায়ী জননিরাপত্তা বিভাগে স্থানান্তর করা হয়েছে।

আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল কালাম আজাদের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বর্তমানে বাংলাদেশের অধস্তন আদালতসমূহে ৩১শে মার্চ পর্যন্ত মোট বিচারাধীন মামলার সংখ্যা- ৩৬ লাখ ৭০ হাজার ৬৭০টি। তারমধ্যে দেওয়ানি মামলার সংখ্যা ১৫ লাখ ৮৪ হাজার ১৬০টি ও ফৌজদারি মামলার সংখ্যা ২০ লাখ ৮৬ হাজার ৫১০টি।

তিনি জানান, দেশের ৬৪টি জেলার মধ্যে ঢাকায় সর্বোচ্চ ৫ লাখ ৪৪ হাজার ৩৩ মামলা চলমান রয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রামে ২ লাখ ৭১ হাজার ৬০৬ মামলা চলমান। সর্বনিম্ন খাগড়াছড়িতে ৬ হাজার ৬৩০টি মামলা চলমান রয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।